• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

নেত্রকোনায় আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে বক্তব্য ও স্লোগানের ভিডিও ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ‘দলীয় কার্যালয় শুভ উদ্বোধন ২০২৬’ লেখা একটি ব্যানার টানিয়ে বক্তব্য ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার ভোরে কয়েকজন যুবক পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে ব্যানারটি টানান। সেখানে তাঁরা অল্প সময় বক্তব্য এবং স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা দ্রুত সরে যান। তখন কার্যালয়ের শাটার বন্ধ ছিল। সন্ধ্যার আগপর্যন্ত ব্যানারটি সেখানে টানানো ছিল।

ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল, ‘দলীয় কার্যালয় শুভ উদ্বোধন ২০২৬, বাংলাদেশ আওয়ামী লীগ, পূর্বধলা উপজেলা শাখা, নেত্রকোনা।’ এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদের ছবি ছিল। তবে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গেলে ব্যানারটি আর পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের দাবি, সন্ধ্যার আগে কয়েকজন বিএনপির কর্মী ব্যানারটি খুলে ফেলেন।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিতে ভাঙচুর চালায়। ওই সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র লুট হয়ে যায়। এর পর থেকে কার্যালয়টি বন্ধ আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিনজন নেতা প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে স্থানীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন ও আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের সমর্থকেরা ব্যানার টানান। এ সময় জেলা ছাত্রলীগের সহসম্পাদক তরিকুল ইসলাম তালুকদার, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সক্রিয় কর্মী রাতুল তালুকদার সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

ঘটনাটির ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম মুঠোফোনে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে। সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার রাত ১২টার পর পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারসহ বিশকাকুনি ও নারান্দিয়া ইউনিয়নের পৃথক তিনটি স্থানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়।


আরো পড়ুন:
bdit.com.bd