• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬

শরীয়তপুরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ স্টেডিয়ামসংলগ্ন শরীয়তপুর-মাদারীপুর সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর।

মিছিলটি স্টেডিয়ামের পূর্ব পাশের সড়ক থেকে শুরু হয়ে শরীয়তপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ভিডিওটি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এ ছাড়া ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়েছে।

মিছিল থেকে নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। এতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে শরীয়তপুরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা কর্মসূচি পালন করে আসছেন। গত ১৫ দিনে জেলা শহরের অন্তত চারটি স্থানে এমন মিছিল হয়েছে।

মিছিল শেষে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও তাঁর সহযোগীরা আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা ছাত্রলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি বলেন, শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিলকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd