• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩১ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংয়ের সময় এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। নেই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি। সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল, কিন্তু বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে চায়। তাদের আন্দোলন কথা সর্বস্ব ও ভার্চুয়াল। বিএনপির এসব কর্মসূচির সঙ্গে জনগণ ও রাজপথের কোনো সংযোগ নেই।

তিনি বলেন, ভুল থেকে শিক্ষা নিতে না পারা বিএনপির বড় ব্যর্থতা। ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারি। ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা সর্বত্র নৈরাজ্য দেখতে পায়। তারা দেশের ভালো কিছু দেখতে পায় না। বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখে সন্ধ্যার অন্ধকার, তারা এতটাই একচোখা যে- গত একযুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি। বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে।

তিনি বলেন, বিএনপি নেতারা বলেছেন চতুর্দিকে নাকি শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ পরিবর্তন চায়। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা। অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা। সবমিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, হঠকারী রাজনীতি, ধর্মান্ধ ও ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি খাতে এসেছে ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধির অগ্রযাত্রা। এ অবস্থায় দেশের মানুষ বিএনপির অপরাজনীতির পরিবর্তন চায়।

তিনি বলেন, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো। দেশের মানুষ বিএনপির উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন পালন থেকে পরিবর্তন চায়, পরিবর্তন চায় বিএনপি জনগণের প্রতি দায়িত্বশীল হোক। জনগণ চায়  বিএনপি অগণতান্ত্রিক পথে না হেঁটে ক্ষমতায় যাওয়ার জন্য স্বীকৃত ও সাংবিধানিক পথে আসুক।


আরো পড়ুন:
bdit.com.bd